পলিসি রিসার্চ
হাতিয়া উপজেলা একটি দুর্যোগপ্রবণ, উপকূলীয় ও ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন অঞ্চল হওয়ায় এখানকার উন্নয়ন চ্যালেঞ্জগুলো অন্যান্য এলাকার তুলনায় ভিন্ন ও জটিল। টেকসই ও কার্যকর উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজন প্রমাণভিত্তিক নীতি, তথ্যনির্ভর পরিকল্পনা এবং স্থানীয় বাস্তবতার আলোকে সিদ্ধান্ত গ্রহণ। এই লক্ষ্যকে সামনে রেখে হাতিয়া উন্নয়ন ফোরাম একটি শক্তিশালী পলিসি রিসার্চ কাঠামোর মাধ্যমে স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও নীতিগত ফাঁকফোকর চিহ্নিত করে কার্যকর উন্নয়ন কৌশল প্রণয়নে কাজ করবে।
আমাদের কার্যক্রম
স্থানীয় সমস্যা নির্ভর গবেষণা
হাতিয়ার শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য, কর্মসংস্থান, দুর্যোগ ব্যবস্থাপনা, নদীভাঙন, পানি ও স্যানিটেশন, কৃষি ও মৎস্যসহ বিভিন্ন খাতে মাঠপর্যায়ের গবেষণা পরিচালনা করা হবে। স্থানীয় জনগণের বাস্তব অভিজ্ঞতা, চাহিদা ও সমস্যার ওপর ভিত্তি করে তথ্য সংগ্রহ, জরিপ ও বিশ্লেষণের মাধ্যমে এমন গবেষণা তৈরি করা হবে, যা নীতিনির্ধারকদের জন্য বাস্তবসম্মত ও কার্যকর দিকনির্দেশনা দিতে পারে।
পলিসি ব্রিফ
গবেষণার ফলাফলকে নীতিনির্ধারকদের জন্য সহজবোধ্য ও ব্যবহারযোগ্য করতে নিয়মিত পলিসি ব্রিফ, রিসার্চ রিপোর্ট ও থিমভিত্তিক স্টাডি প্রকাশ করা হবে। এসব ডকুমেন্টে সমস্যার বিশ্লেষণ, প্রমাণভিত্তিক তথ্য, সম্ভাব্য সমাধান এবং বাস্তবায়নযোগ্য সুপারিশ অন্তর্ভুক্ত থাকবে, যা সরকার, উন্নয়ন সংস্থা ও স্থানীয় প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে।
পলিসি ট্র্যাকিং এন্ড মনিটরিং
হাতিয়া উপজেলায় বাস্তবায়িত বিভিন্ন সরকারি ও উন্নয়ন প্রকল্প এবং নীতির অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ ও মূল্যায়ন করা হবে। পলিসি ট্র্যাকিং ও মনিটরিংয়ের মাধ্যমে কোন নীতি বা কর্মসূচি কতটা কার্যকর হচ্ছে, কোথায় বাধা সৃষ্টি হচ্ছে এবং কোথায় উন্নতির সুযোগ রয়েছে—তা শনাক্ত করা হবে। এর ফলে নীতি বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার হবে।
পলিসি অ্যাডভোকেসি
গবেষণালব্ধ তথ্য ও বিশ্লেষণের ভিত্তিতে হাতিয়া উন্নয়ন ফোরাম প্রমাণভিত্তিক অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনা করবে। এর মাধ্যমে স্থানীয় চাহিদা ও সমস্যাগুলোকে নীতিনির্ধারক, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করে প্রয়োজনীয় নীতিগত পরিবর্তন ও বাজেট বরাদ্দের জন্য কার্যকর উদ্যোগ নেওয়া হবে।